উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ফল ঘোষণা করেন।
নির্বাচনে বৈধ ভোটের মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। সর্বোচ্চ ভোট পাওয়ায় তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিষেককে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন আলোচনা। তাঁর সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্যের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখা।