উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা, উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধি এবং দক্ষ শ্রমিকের সংকটে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে বিপুলসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
২০২৫ সালে দেশটিতে প্রায় ১ লাখ ৯০ হাজার কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির লাইবনিজ সেন্টার ফর ইউরোপিয়ান ইকোনমিক রিসার্চ (জেডইডব্লিউ) এবং ঋণমান নির্ধারণী সংস্থা ক্রেডিটরিফর্মের যৌথ এক প্রতিবেদনে ব্যবসা বন্ধের এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের লেখক সান্দ্রা গটশাল্ক বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, চীন থেকে আসা তুলনামূলক সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা এবং বিদ্যুৎ ও শ্রম ব্যয় বৃদ্ধির কারণে জার্মানির ব্যবসায়িক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, শুধু আর্থিকভাবে দুর্বল প্রতিষ্ঠানই নয়, ভালো আর্থিক অবস্থানে থাকা অনেক প্রতিষ্ঠানও কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতিতে যাওয়ার আগেই অনেক উদ্যোক্তা স্বেচ্ছায় ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সবচেয়ে বেশি ব্যবসা বন্ধ হয়েছে জার্মানির আতিথেয়তা খাতে। হোটেল ও রেস্তোরাঁসহ এ খাতে ব্যবসা বন্ধের হার আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে প্রায় ১৫ হাজারে পৌঁছেছে।
স্বাস্থ্য খাতেও ব্যবসা বন্ধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ খাতে প্রায় ১১ হাজার ব্যবসা কার্যক্রম বন্ধ করেছে। এর মধ্যে চিকিৎসকদের অবসর গ্রহণ এবং যোগ্য উত্তরসূরি না পাওয়ার কারণে চিকিৎসাকেন্দ্র ও ক্লিনিক বন্ধের হার ২৩ শতাংশ বেড়ে প্রায় সাড়ে ৫ হাজারে দাঁড়িয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বন্ধের পুরো চিত্র শুধু দেউলিয়া হওয়ার পরিসংখ্যান দিয়ে বোঝা যায় না। আইনি প্রক্রিয়ায় দেউলিয়া ঘোষণার মাধ্যমে বন্ধ হওয়া প্রতিষ্ঠান মোট বন্ধের মাত্র ১৩ শতাংশ। অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানই মালিকদের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্তের কারণে কার্যক্রম বন্ধ করেছে।
বিশেষ করে পরিবারভিত্তিক ব্যবসাগুলোর ক্ষেত্রে মালিকের অবসর একটি বড় কারণ হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ব্যবসার প্রায় ২৯ শতাংশ বন্ধ হয়েছে বয়স্ক মালিকদের অবসর নেওয়ার কারণে।
বিশ্লেষকদের মতে, ব্যবসা বন্ধের এই প্রবণতা জার্মান অর্থনীতিতে শ্রমবাজার, উত্তরসূরি সংকট এবং উৎপাদন ব্যয়ের মতো দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জকে আরও স্পষ্ট করে তুলছে।
দৈনিক টারমিগান