উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরে মাসব্যাপী বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার সকালে বিশ্ব মশা দিবস উপলক্ষে নগরের সেন্ট প্ল্যাসিডস স্কুলের সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত নগরের আটটি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ গুরুত্ব দিয়ে এই মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত পাঁচ থেকে ছয় মাস ধরে বিটিআই প্রয়োগ করছে চসিক। ফলে গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। গত বছর একই সময়ে চসিক এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০০ ছাড়িয়েছিল, আর চলতি বছরে এ সংখ্যা প্রায় ৫৫০ থেকে ৫৮০ জনের মধ্যে রয়েছে।
২, ৩, ১৭, ১৮, ১৯, ৩২, ৩৪ ও ৩৯ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি মশক নিধন কার্যক্রমে নিয়োজিত শতাধিক কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অতিরিক্ত জনবল দিয়ে অভিযান চালানোর পাশাপাশি নগরের অন্যান্য এলাকাতেও নিয়মিত মশক নিধন কার্যক্রম চলবে।
শুধু মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে আশরাফুল আমিন বলেন, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করাও জরুরি। পুরো কার্যক্রম মেয়র ডা. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে মনিটরিং করা হচ্ছে এবং পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। অনুষ্ঠানে চসিকের বিভিন্ন কর্মকর্তা ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।