উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর তা প্রত্যাহার করা হয়েছে। সফরটি নিয়ে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
শুক্রবার দুপুরের দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে এর কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি ও পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়েছিল। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবারের নির্ধারিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিল থাকবে।
তবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
এরপর বিকেল ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আগে প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের কথা জানানো হয়।
ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর প্রচলন রয়েছে। এ ধরনের আয়োজনে সামরিক সম্মান, জাতীয় সংগীত পরিবেশন এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচয় পর্বসহ বিভিন্ন কর্মসূচি থাকে।
সাধারণত কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের আনুষ্ঠানিক অভ্যর্থনার আগে এর মহড়া অনুষ্ঠিত হয়। সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি ভবনে সফররত অতিথির সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজনও করা হতে পারে।
তবে তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি বা কর্মসূচি ঘোষণা করা হয়নি।