উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে—এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো দেশের আধিপত্য নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেই সফরে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সমতার বিষয়টি নিশ্চিত থাকতে হবে এবং দেশের মানুষ এখন আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে জামায়াত আমীর বলেন, প্রধানমন্ত্রী চাইলে দেশে চলমান এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। তিনি চাচ্ছেন কি না, সেটিই এখন বড় বিষয়। আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সোচ্চার থাকতে হবে।
মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে, শুক্রবার বিকেলে একই স্থানে অনুষ্ঠিত রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে উল্লেখ করে তিনি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের কাজের কথা তুলে ধরেন।