উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে হাজারীবাগ থানা পুলিশের অভিযানে ১৫ জন এবং মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
উত্তরা পশ্চিম থানায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. ওমর আলী, মো. ফয়সাল খোকন, মো. আব্দুল কাদির, মো. আব্দুল হান্নানসহ ৩০ জন। হাজারীবাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আনিক হাসান শান্ত, মো. ইমন, আকিব আব্দুল্লাহসহ ১৫ জন। অন্যদিকে মোহাম্মদপুর থানায় গ্রেপ্তার ৩১ জনের মধ্যে রয়েছেন মো. পারভেজ, মো. তারেক আরিফ, মো. রিয়াজ হাওলাদারসহ অন্যান্যরা।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে রাজধানীতে পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।