উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এক মাসেরও বেশি সময় পর আবারও জনসমক্ষে দেখা গেল যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন তিনি।
পালক পরিচর্যা থেকে বেরিয়ে আসা তরুণদের জন্য একটি নতুন বৃত্তি কর্মসূচির প্রচারণায় আয়োজিত ওই অনুষ্ঠানে মেলানিয়ার উপস্থিতি নিয়ে আগ্রহ তৈরি হয়। মঞ্চে উঠে তিনি উপস্থিতদের উদ্দেশে রসিকতার সুরে বলেন, তাকে মিস করা হয়েছে বলে শুনেছেন—এবার তিনি সামনে উপস্থিত।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেলানিয়ার হাত ধরে তাকে বক্তৃতামঞ্চের দিকে এগিয়ে দেন। বক্তব্য শেষে তার পিঠেও হাত রাখেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর মেলানিয়াকে আগের তুলনায় অনেক কম জনসমক্ষে দেখা গেছে। চলতি বছরের ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ট্রাম্পের পাশে তাকে দেখা যায়নি।
এর মধ্যে চার মার্কিন সেনাসদস্যের মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতা, ২৪ জুলাই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার এবং ২৮ জুলাই সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য উল্লেখযোগ্য। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে বৃহস্পতিবারের অনুষ্ঠান পর্যন্ত মেলানিয়াকে সীমিতসংখ্যক দিন জনসমক্ষে দেখা গেছে।
এদিকে মেলানিয়ার দীর্ঘ সময় জনসমক্ষে না থাকা এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নাটালি হার্পের নিয়মিত উপস্থিতি ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে।
হার্প, যিনি এর আগে ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে কাজ করেছেন, বর্তমানে ট্রাম্পের নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। হোয়াইট হাউসের অভ্যন্তরে তার প্রভাব ও প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা হয়েছে।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পের ব্যবহৃত সামরিক বিমানে থাকা সীমিতসংখ্যক শীর্ষ সহযোগীর মধ্যে হার্পও ছিলেন। এ ছাড়া ট্রাম্পের কাছে নিয়মিত সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পৌঁছে দেওয়ার কারণে তাকে ‘প্রিন্টার’ নামে ডাকা হয় বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হার্পকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি হোয়াইট হাউসের বলরুম নির্মাণ ও হার্পের সঙ্গে ভ্রমণের প্রসঙ্গও তুলেছেন। তবে ট্রাম্পের মিত্ররা হার্পের ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে এসব গুঞ্জন বা আলোচনা নিয়ে কোনো মন্তব্য করেননি মেলানিয়া।
তার বক্তব্যের মূল বিষয় ছিল পালক পরিচর্যায় বেড়ে ওঠা তরুণদের ভবিষ্যৎ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক শক্তি দেশটির মানুষ। ভবিষ্যতের নেতৃত্ব আজকের শ্রেণিকক্ষ থেকেই তৈরি হচ্ছে এবং পালক পরিচর্যায় বেড়ে ওঠা শিশুরাও সেই সম্ভাবনার অংশ।