উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ছয়জন ভোট দেননি। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করে এবং পরে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।
মির্জা ফখরুলের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসেও একটি উল্লেখযোগ্য অধ্যায় যুক্ত হয়েছে। ১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের জয় এবং পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে তিনি দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এবার রাষ্ট্রপতির পদে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হলো।
রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোর একটি। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের পদে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।