উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (২১ আগস্ট) এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়।
এর আগে বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিল জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা। এর মধ্যে নির্দিষ্টসংখ্যক এজেন্সির তালিকা প্রকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তালিকায় থাকা এজেন্সিগুলো হলো— বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে এর আগেও নির্দিষ্টসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে কাজ দেওয়া নিয়ে বিতর্ক হয়েছে।
২০১৫ সালে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ১০টি নির্বাচিত রিক্রুটিং এজেন্সি কাজ পেয়েছিল, যেগুলো পরবর্তীতে ‘সিন্ডিকেট’ হিসেবে পরিচিতি পায়। এরপর ২০২২ সালে ২৫টি এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি দেওয়া হয়। এসব এজেন্সির কয়েকটির সঙ্গে তৎকালীন মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে।
কর্মীপ্রতি ব্যয় ৭৯ হাজার টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে এজেন্সিগুলো গড়ে প্রায় ৫ লাখ ৪৪ হাজার টাকা পর্যন্ত নিয়েছে—এমন অভিযোগও রয়েছে।
এসব অভিযোগ ও অনিয়মের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এরপর থেকে দেশটিতে নতুন করে বাংলাদেশি কর্মী যাওয়া বন্ধ রয়েছে। ওই সময় প্রায় ১৭ হাজার কর্মী নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে পারেননি।
শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নির্ধারিত আটটি শর্ত পূরণকারী ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশটিকে দেওয়া হয়েছে। এর মধ্যেই এফডব্লিউসিএমএসে ২৫টি এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে।
তবে সংশ্লিষ্টদের মতে, শুধু এজেন্সির তালিকা প্রকাশের অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হয়ে যাচ্ছে। অতীতেও দুই দেশের মধ্যে সমঝোতা বা চুক্তি হওয়ার পর কর্মী পাঠানোর আগে আরও বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, চুক্তির পর কতসংখ্যক কর্মী যাবে, কোন পদ্ধতিতে নিয়োগ হবে এবং কর্মীদের জন্য কী কী শর্ত থাকবে—এসব বিষয়ে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়।
চলতি বছর দুই দেশের মধ্যে কর্মী পাঠানোর বিদ্যমান চুক্তির মেয়াদও শেষ হওয়ার কথা রয়েছে। ফলে চুক্তি নবায়নের পাশাপাশি এর শর্তগুলো হালনাগাদ করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য দুই দেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠক, শর্ত চূড়ান্তকরণ এবং পরবর্তী সময়ে চুক্তি সইয়ের মতো ধাপ পেরোতে হবে।
২০২৫ সালের ২৮ অক্টোবর মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে একটি চিঠি দেয়। সেখানে ১০টি বাধ্যতামূলক শর্ত পূরণ করতে সক্ষম রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা চাওয়া হয়।
পরবর্তীতে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে অন্তত তিনটি শর্ত শিথিল করার অনুরোধ জানায়। শর্তগুলোর মধ্যে ছিল—গত পাঁচ বছরে কমপক্ষে ৩ হাজার প্রবাসী কর্মী পাঠানোর অভিজ্ঞতা, নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থাকা এবং গত তিন বছর ধরে কমপক্ষে ১০ হাজার বর্গফুটের স্থায়ী অফিস থাকা।
বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ে সাতটি শর্ত পূরণকারী ২৬০টি এবং ছয়টি শর্ত পূরণকারী ১৬৩টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়।
তবে এই তালিকায় থাকা শত শত এজেন্সির মধ্য থেকে এফডব্লিউসিএমএস কী প্রক্রিয়ায় ২৫টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
ফলে নতুন করে প্রশ্ন উঠেছে—২৫টি এজেন্সি কি চূড়ান্তভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে, নাকি এটি কেবল প্রাথমিক তালিকা? একই সঙ্গে কর্মীপ্রতি অভিবাসন ব্যয়, নিয়োগকর্তা নির্বাচন, কর্মীর অধিকার এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে—এসব বিষয়ও স্পষ্ট হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।