উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক জেনেট ভার্গাস ৬১ পৃষ্ঠার রায়ে এ সিদ্ধান্ত দেন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে নীতি কার্যকর করেছিল, তা বিদ্যমান মার্কিন অভিবাসন আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন আদালত।
জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে ও আলবেনিয়াসহ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, ক্যারিবীয়, মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের মোট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত করা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্তি ছিল, এসব দেশের ভিসা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা ও সরকারি সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
তবে আদালতের রায়ে বলা হয়েছে, কোনো দেশের নাগরিকদের সামগ্রিকভাবে একই ধরনের ঝুঁকির আওতায় ফেলা আইনসম্মত পদ্ধতি হতে পারে না। এমনকি যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর রাখার সক্ষমতা দেখাতে পারতেন, তাদের ক্ষেত্রেও ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল বলে আদালত উল্লেখ করেছেন।
মার্কিন অভিবাসন আইনের কাঠামো অনুযায়ী আবেদনকারীর পরিস্থিতি পৃথকভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ফলে কেবল জাতীয়তার ভিত্তিতে একটি দেশের সব আবেদনকারীর অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার নীতিকে আদালত আইনগতভাবে গ্রহণযোগ্য মনে করেনি।
রায়ের ফলে জানুয়ারির নীতির আওতায় যেসব অভিবাসী ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, সেগুলো পুনরায় পর্যালোচনার সুযোগ তৈরি হতে পারে। এতে আগে প্রত্যাখ্যাত হওয়া বিপুলসংখ্যক আবেদন নতুন করে মূল্যায়নের প্রয়োজন হতে পারে।
মামলাটিতে এমন কয়েকজন মার্কিন নাগরিকও ছিলেন, যারা ঘানা, জ্যামাইকা, গুয়াতেমালা ও ইথিওপিয়ায় থাকা পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার চেষ্টা করছিলেন। কলম্বিয়ার কয়েকজন পেশাজীবীও বাদী হিসেবে মামলায় অংশ নেন।
মামলার নথি অনুযায়ী, নতুন ভিসা নীতির কথা উল্লেখ করে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, ভিসা আবেদনকারী এবং মার্কিন নাগরিকরাও মামলাটিতে যুক্ত ছিলেন।
রায়ের পর অভিবাসী অধিকার সংগঠনগুলো আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের দেশে প্রবেশ সীমিত করার বিস্তৃত ক্ষমতা স্বীকার করেছিল। তবে বিচারক ভার্গাস বলেছেন, ওই সিদ্ধান্ত থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ ধরনের অভিবাসী ভিসা স্থগিত করার ক্ষমতা প্রতিষ্ঠিত হয় না।
আদালতের রায়ের পর এখন ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। সে ক্ষেত্রে মামলাটি দ্বিতীয় সার্কিট আপিল আদালতে যেতে পারে।
রায়ের বিষয়ে মার্কিন বিচার বিভাগ বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশসহ ৭৫ দেশের যেসব আবেদনকারী জানুয়ারিতে কার্যকর হওয়া নীতির কারণে অভিবাসী ভিসা প্রক্রিয়ায় আটকে পড়েছিলেন, তাদের জন্য আদালতের এই রায় গুরুত্বপূর্ণ। তবে এর ফলে ভিসা কার্যক্রম তাৎক্ষণিকভাবে পুরোপুরি স্বাভাবিক হবে কি না, তা ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য আপিলের ওপর নির্ভর করবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস