উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাওরের জীবন ও মানুষের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘জলপবন’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। বর্তমানে সিনেমাটির শুটিংয়ে সুনামগঞ্জের হাওর এলাকায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় গত ১৫ আগস্ট থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। পুরো মাসজুড়েই হাওর অঞ্চলের বিভিন্ন স্থানে শুটিং চলবে বলে জানা গেছে।
‘জলপবন’-এ ‘নিরালা’ চরিত্রে দেখা যাবে রুনা খানকে। হাওর এলাকার মানুষের জীবন, তাদের নানা বাস্তবতা এবং অপেক্ষার আবহকে কেন্দ্র করে সিনেমাটির গল্প নির্মিত হয়েছে।
চরিত্রটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রুনা খান। তার প্রত্যাশা, গল্প ও চরিত্রের মাধ্যমে দর্শকদের নতুন ধরনের অভিজ্ঞতা দিতে পারবেন।
সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। নির্মাণসংশ্লিষ্টদের আশা, হাওরের প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় মানুষের জীবনযাত্রা সিনেমাটিতে গল্পকে আলাদা মাত্রা দেবে।
এদিকে শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ এরই মধ্যে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। ফলে নতুন সিনেমার শুটিংয়ের পাশাপাশি পর্দায় রুনা খানের একাধিক কাজ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।