উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। আলোচনা সভায় বক্তারা মরহুম নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন একজন অনন্য কারিশমাটিক নেতা। দল-মত নির্বিশেষে সবার মতামতকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন এবং তাঁর নেতৃত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল দূরদর্শিতা। তিনি আরও বলেন, জাতীয় রাজনীতির পাশাপাশি তিনি নিজ এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে দাঁড়িয়েছেন এবং উন্নয়নে ভূমিকা রেখেছেন।
স্মরণসভায় বক্তারা মরহুম নেতার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দিকনির্দেশনা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।