উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে অনলাইন প্রতারণা ও আর্থিক অপরাধের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক এই অপরাধ চক্রগুলো এখন শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে তাদের নতুন ঘাঁটি তৈরি করছে। নিক্কেই এশিয়ার বরাতে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শ্রীলঙ্কায় প্রতারণার সন্দেহে এক হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যা ২০২৪ সালের পুরো বছরের সংখ্যার চেয়েও বেশি। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধী চক্রগুলো দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শ্রীলঙ্কায় ঘাঁটি স্থানান্তর করছে।
ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরেও প্রতারণাবিরোধী অভিযান চলছে। গত জুলাইয়ে পূর্ব তিমুরের রাজধানী দিলির একটি হোটেলে স্টারলিংক উপগ্রহভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে প্রতারণা চালানোর অভিযোগে এক জাপানি ও এক চীনা নাগরিককে আটক করা হয়। এছাড়া জুন ও জুলাইয়ের অভিযানে চীন, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশের প্রায় ৩৫০ জন বিদেশি আটক হন। জাপান রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষক ইয়োশিমাসা মরিগুচি বলেন, এই অপরাধ ঠেকাতে বিভিন্ন দেশের সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে এবং এআইভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে।
প্রতারক চক্রগুলো এআই প্রযুক্তি দিয়ে ভুয়া পরিচয় ও কণ্ঠস্বর তৈরি করছে এবং ভিডিও কলে বাস্তব মানুষের মতো যোগাযোগ করছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) আঞ্চলিক প্রতিনিধি ডেলফিন শানৎস জানান, এআই ব্যবহারের কারণে চক্রগুলোর পরিচালন ব্যয় অনেক কমে গেছে। প্রতারকরা নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে তার নিজস্ব ভাষায় কথা বলতে পারছে, ফলে কম জনবল ব্যবহার করেই বহু মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। পাশাপাশি ভিডিও কলে ব্যাংক বা পুলিশের কার্যালয়ের মতো কৃত্রিম পটভূমিও তৈরি করা হচ্ছে।
এসব অপরাধের কারণে বৈশ্বিক আর্থিক ক্ষতির পরিমাণও মারাত্মকভাবে বাড়ছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তথ্য অনুসারে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে তিন ধরনের অনলাইন প্রতারণায় বার্ষিক ক্ষতি চার গুণ বেড়ে ১ হাজার ৩০ কোটি ডলারে পৌঁছেছে। জাপানের জাতীয় পুলিশ সংস্থার তথ্যে দেখা যায়, দেশটিতে বিনিয়োগ, প্রেমের সম্পর্ক ও ফোনে প্রতারণার মাধ্যমে গত এক বছরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ দশমিক ৭ বিলিয়ন ইয়েনে (প্রায় ২০৬ কোটি ডলার)।
পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলো নানা পদক্ষেপ নিচ্ছে। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইবার অপরাধ মোকাবেলায় নির্বাহী আদেশ দেওয়ার পর বড় অভিযানে ১৪ লাখের বেশি ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কম্বোডিয়া প্রায় ১৬ হাজার বিদেশি নাগরিককে বহিষ্কার করেছে এবং জুনে অভিযানে ৭০০ মুঠোফোনসহ ২৪ জনকে আটক করা হয়। এছাড়া মিয়ানমারও চীনের অনুরোধে সাড়ে সাত হাজারের বেশি চীনা নাগরিককে ফেরত পাঠিয়েছে। তবে অভিযান সত্ত্বেও চক্রগুলো ছোট আবাসিক ফ্ল্যাট বা হোটেলে অবস্থান নিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে।