উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক ও কার্যকর রাখার আগ্রহের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না। জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত সময়েই প্রধানমন্ত্রী ভারতের সফরে যাবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, “ভারতের সঙ্গে আমরা ইতিবাচক সম্পর্ক রাখতে চাই। তারা আমাদের প্রতিবেশী, তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক থাকবে। কিন্তু শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করে কিছু করতে পারি না।”
প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়সূচি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে জাতীয় স্বার্থ নিশ্চিত করে সঠিক সময়েই এ সফর হবে।
তিনি বলেন, আগামীকালও যদি জাতীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশ একটি ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে আগামী সপ্তাহে সফর হতে পারে। আবার তার পরের সপ্তাহেও হতে পারে। এ নিয়ে সরকারের কোনো তাড়াহুড়ো নেই।
প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হুট করে আয়োজন করা যায় না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন করতে হয়। দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসলে সেটি শুধু আনুষ্ঠানিকতা নয়; এর পেছনে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও একাধিক বিষয়ে আলোচনা থাকে।
সাংবাদিকদের প্রশ্নে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। কিছু মামলার রায় হয়েছে এবং আরও মামলা বিচারাধীন রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকায় বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন ধরনের যোগাযোগের বিষয় নয়; এটি চলমান একটি বিষয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতে আরও অনেক অপরাধী পালিয়ে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি দেশের মানুষের স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।
ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে কার্যকর ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী। তবে সেই সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক স্বার্থ ও বাংলাদেশের জাতীয় স্বার্থ।
তিনি বলেন, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে এসব বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমঝোতা নিশ্চিত করাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের তাড়াহুড়ো বা আপস করতে চায় না সরকার।