উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার সবুজবাগে উদ্ধার হওয়া তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত দেখে তাঁর পরিচয় শনাক্ত করেছে পরিবার। নিহতের দুই হাতে থাকা ট্যাটু দেখে ছুরাইয়া আক্তার ওরফে ফালানীকে শনাক্ত করেন তাঁর মা-বাবা। ১৯ বছর বয়সী ফালানী মুন্সীগঞ্জের ঢালীকান্দি গ্রামের বজলুল ব্যাপারীর মেয়ে।
গত ৬ আগস্ট সকাল ৯টার দিকে সবুজবাগ থানাধীন বাগানবাড়ী কালভার্ট এলাকার একটি গরুর খামারের পাশের সেতুর নিচে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মাথা এবং পলিথিনে মোড়ানো দুই হাত পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মাথা ও দুই হাত উদ্ধার করে এবং ফালানীর খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ৬ আগস্ট সবুজবাগ থানায় মামলা দায়ের করেন এসআই রাশেদুল হাসান।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই নূরে আলম সিদ্দিকি আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিরা হলেন—নুসরাত জাহান সাহিদা, ফারুক ওরফে জামাই ফারুক, মো. সুজন, মামুন ও মো. রাফি ইসলাম ওরফে বাপ্পি।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. মোমিন হোসেন জানান, উভয়পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন।