উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে মোট ১২ হাজার মিটার অবৈধ জাল এবং জাল স্থাপনের বিভিন্ন সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। শনিবার ২২ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হয়।
নৌ-চলাচল নিরাপদ, নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত রাখা এবং জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারী-১২ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। এ ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান চলাকালে সুতার জাল, টং জাল ও বেহুন্দি জালসহ ১২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এসব অবৈধ জাল জাহাজ চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা ও নেভিগেশনাল ঝুঁকি তৈরি করছিল।
অভিযানের সময় নেভিগেশনাল রুটে থাকা ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে নৌ-চলাচল রুট ও চ্যানেলে পুনরায় জাল না বসাতে মাঝিমাল্লাদের সতর্ক করা হয়। বন্দর ও কোস্ট গার্ডের এমন সমন্বিত অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।