উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এসব সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকার পুরনো সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা করছেন ছাত্রনেতা ও সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুর বর্তমান কমিটির মেয়াদ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হওয়ার কথা। একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ছাড়া বাকি সংসদগুলোর পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে এখনো সুস্পষ্ট রোডম্যাপ সামনে আসেনি।
ছাত্র সংসদগুলোর ইতিহাস দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বিভিন্ন হল সংসদ গড়ে ওঠে। ১৯২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের যাত্রা শুরু হয়, যা পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নামে পরিচিতি পায়।
ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সংসদগুলোর নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব প্রতিষ্ঠান থেকে উঠে আসা অনেক ছাত্রনেতা পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।
তবে স্বাধীনতার পর ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত থাকেনি। বিশেষ করে নব্বইয়ের দশকের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দীর্ঘ সময় বন্ধ ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর শতাধিক বছরের ইতিহাসে নির্বাচন হয়েছে মাত্র ৩৮ বার। ১৯৯০ সালের পর দীর্ঘ বিরতির শেষে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সর্বশেষ নির্বাচন হয়।
গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান ডাকসুর মেয়াদ ৩৬৫ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলে সর্বোচ্চ ৯০ দিন মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। এরপরও নির্বাচন না হলে সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার বিধান রয়েছে।
সর্বশেষ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা জয় পান।
পরবর্তী নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছেন বর্তমান ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার অনুরোধ জানানো হয়েছে।
তার দাবি, বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের বাজেটে ডাকসু নির্বাচনের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এ বিষয়ে সিনেটের বাজেট অধিবেশনেও আপত্তি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে নেতৃত্ব হস্তান্তরের দাবি জানান।
সময়মতো নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মনোয়ার হোসেন প্রান্ত বলেন, অতীতের মতো ডাকসু নির্বাচন দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানও নিয়মিত নির্বাচনের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, অতীতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার সুযোগ এখন তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুর মতে, ডাকসু শুধু নেতৃত্ব তৈরির প্রতিষ্ঠান নয়; এটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই নিয়মিত নির্বাচন ছাড়া ডাকসুর মূল উদ্দেশ্য পূরণ সম্ভব নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—রাকসুর প্রতিষ্ঠা ১৯৬৪ সালে। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে প্রায় ৩৫ বছর নির্বাচন হয়নি।
সর্বশেষ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পায়।
গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান রাকসুর মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়া জরুরি। দীর্ঘ সময় নির্বাচন না হলে ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার কেন্দ্রীকরণ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীও এক মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন।
তবে পরবর্তী নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন রাকসুর সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধি থাকা প্রয়োজন এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—জাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে।
জাকসুর বর্তমান কমিটির মেয়াদও আগামী সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা।
পরবর্তী নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছেন জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তার প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের অজুহাত বা জটিলতা তৈরি না করে নির্ধারিত সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, নির্বাচন আয়োজনের আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক সরকারের সহযোগিতা ও সম্মতির বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—চাকসুর গঠনতন্ত্রে প্রতিবছর নির্বাচন আয়োজনের বিধান থাকলেও বিশ্ববিদ্যালয়টির দীর্ঘ ইতিহাসে নির্বাচন হয়েছে মাত্র কয়েকবার। দীর্ঘ ৩৫ বছর পর ২০২৫ সালের ১৫ অক্টোবর সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান সংসদের মেয়াদও আগামী অক্টোবরে শেষ হওয়ার কথা।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব জানান, কার্যনির্বাহী পরিষদের সভাগুলোতে পরবর্তী নির্বাচন নিয়মিত আলোচনার বিষয় হিসেবে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে আশ্বস্ত করেছে বলে তিনি জানান।
তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে গড়িমসি হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এখন পর্যন্ত চাকসু নির্বাচন আয়োজন নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। নির্বাচন আয়োজনের জন্য এখনও সময় রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আশাবাদী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক চর্চা ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার মতে, অতীতে দীর্ঘ সময় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় রাজনীতি—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই সংস্কৃতিতে ফিরে না গিয়ে নিয়মিত নির্বাচন আয়োজন করা প্রয়োজন।
তিনি একই সঙ্গে যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেসব প্রতিষ্ঠানেও নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ছাত্র সংসদগুলোর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। সংশ্লিষ্টদের মতে, সময়মতো নির্বাচন আয়োজন করা গেলে দীর্ঘ বিরতির পর শুরু হওয়া ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় অতীতের মতো আবারও অনির্দিষ্ট সময়ের জন্য নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
দৈনিক টারমিগান