উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানুষের ১০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে গেছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট ‘লাইটনিং’। বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে রোবটটি ১০০ মিটার দৌড়েছে মাত্র ৯.৩২ সেকেন্ডে।
রোবটটির এই সময় ১৭ বছর ধরে অক্ষুণ্ন থাকা উসাইন বোল্টের ১০০ মিটার বিশ্ব রেকর্ডের চেয়ে দ্রুত। বোল্ট ২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার শেষ করেছিলেন ৯.৫৮ সেকেন্ডে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
‘লাইটনিং’ নামের হিউম্যানয়েড রোবটটি তৈরি করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার (Honor)। পরীক্ষামূলক দৌড়ে রোবটটি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার গতিতে ছুটেছে।
তবে রোবটটির এই কৃতিত্বকে মানব অ্যাথলেটদের বিশ্ব রেকর্ডের সঙ্গে সরাসরি তুলনা করার ক্ষেত্রে প্রযুক্তিগত পার্থক্য রয়েছে। কারণ রোবটটি মানুষের মতো জৈবিক শক্তি ও শারীরিক সীমাবদ্ধতার মধ্যে প্রতিযোগিতা করছে না।
এর আগে চলতি বছরের এপ্রিলে বেইজিংয়ে অনুষ্ঠিত হাফ ম্যারাথনে অংশ নিয়ে আলোচনায় আসে ‘লাইটনিং’। রোবটটি ২১ কিলোমিটারের বেশি দূরত্বের দৌড় শেষ করে ৫০ মিনিট ২৬ সেকেন্ডে।
সাম্প্রতিক রোবট গেমসের আগে গবেষকেরা রোবটটির পা আরও ১০ সেন্টিমিটার লম্বা করেছেন। রোবটটির উচ্চতা প্রায় ১৬৯ সেন্টিমিটার।
চীনে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে অংশ নিচ্ছে ২ হাজারের বেশি হিউম্যানয়েড রোবট। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে দৌড়, টেবিল টেনিস, ফুটবল, ভারোত্তোলন ও দড়ি টানাটানিসহ মোট ৫১টি ইভেন্টে এক হাজারের বেশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে হচ্ছে এই আয়োজন। একই সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ওয়ার্ল্ড রোবট কনফারেন্স, যেখানে প্রায় ৩ হাজার রোবট ও রোবোটিক পণ্য প্রদর্শন করা হয়েছে।
চীন বর্তমানে হিউম্যানয়েড রোবট শিল্পকে দ্রুত সম্প্রসারণ করছে। উৎপাদন, লজিস্টিকস এবং ভোক্তা পর্যায়ে ভবিষ্যতে এসব রোবট ব্যবহারের সম্ভাবনা নিয়ে দেশটির সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের বিনিয়োগ করছে।
শুধু দৌড় নয়, এবারের প্রতিযোগিতায় হিউম্যানয়েড রোবটের স্ট্যান্ডিং হাই জাম্পেও চমক দেখা গেছে। একটি রোবট ২.৮৮ মিটার উচ্চতায় লাফ দিয়েছে।
এটি মানুষের পুরুষদের হাই জাম্পের বিশ্ব রেকর্ড ২.৪৫ মিটারকেও ছাড়িয়ে গেছে। ১৯৯৩ সালে কিউবার হাভিয়ের সোতোমায়র এই রেকর্ড গড়েছিলেন।
তবে বিশেষজ্ঞদের মতে, হিউম্যানয়েড রোবট এখনো মূলত প্রদর্শনী, গবেষণা ও পরীক্ষামূলক কাজেই বেশি ব্যবহৃত হচ্ছে। বাস্তব জীবনে ব্যাপকভাবে ব্যবহারের উপযোগী করতে প্রযুক্তিটির আরও উন্নয়ন প্রয়োজন।
চীনের এই আয়োজনকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রযুক্তিতে দেশটির দ্রুত অগ্রগতির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম