ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যকে কেন্দ্র করে মার্কিন রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী নাটালি হার্পকে নিয়ে অসফের মন্তব্যের পর রিপাবলিকান নেতারা সেটিকে ‘যৌনবাদী’ ও ‘নারীবিদ্বেষী’ বলে সমালোচনা করছেন।
জর্জিয়ার সিনেটর জন অসফ গত রোববার এক সমাবেশে ট্রাম্পকে আক্রমণ করতে গিয়ে বলেন, প্রেসিডেন্ট দায়িত্ব পালনের চেয়ে নিজের বলরুম নির্মাণ এবং কাতারের আমিরের উপহার দেওয়া উড়োজাহাজে নাটালির সঙ্গে ভ্রমণেই বেশি আগ্রহী।
হার্পকে নিয়ে মন্তব্যটি এমন সময়ে আসে, যখন ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে মার্কিন গণমাধ্যমে আলোচনা চলছে। এর আগে ট্রাম্পকে সম্ভাব্য হত্যাচেষ্টার আশঙ্কায় অন্য একটি বিমানে সরিয়ে নেওয়ার ঘটনায় হার্পের উপস্থিতিও আলোচনায় আসে।
রক্ষণশীল মহলের কয়েকজন প্রভাবশালী নেতা অসফের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ হার্পের কাছে অসফের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন। রক্ষণশীল ভাষ্যকার স্কট জেনিংসও মন্তব্যটিকে তরুণ এক রিপাবলিকান নারীকে হেয় করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। মেগান ম্যাককেইনও সামাজিক যোগাযোগমাধ্যমে হার্পের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্যটিকে ‘যৌনবাদী’ বলে সমালোচনা করেন।
তবে সমালোচকরা বলছেন, হার্পকে নিয়ে বিতর্কের মূল কারণ তার নারী পরিচয় নয়; বরং ট্রাম্প প্রশাসনে তার ভূমিকা এবং প্রেসিডেন্টের সঙ্গে তার অস্বাভাবিক ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে হার্পকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ নামে উল্লেখ করা হয়েছে। কারণ, তিনি ট্রাম্পের সঙ্গে ঘুরে বেড়িয়ে তার সম্পর্কে ইতিবাচক সংবাদ ও বিভিন্ন প্রতিবেদন প্রিন্ট করে তাকে দিতেন বলে জানা যায়।
২০২৩ সালে ট্রাম্পের মোটরকেডে জায়গা না থাকায় হার্প একটি এসইউভির ট্রাঙ্কে উঠে বসেছিলেন বলেও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হোয়াইট হাউসে যোগ দেওয়ার পর দীর্ঘ সময় তিনি নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই কাজ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া ট্রাম্পকে লেখা হার্পের কিছু ব্যক্তিগত চিঠিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এসব চিঠিতে ট্রাম্পের প্রতি তার অত্যন্ত ঘনিষ্ঠ ও আবেগপূর্ণ আনুগত্যের প্রকাশ দেখা যায়। হার্পের ভাষ্য অনুযায়ী, তরুণ বয়সে হাড়ের ক্যানসারের চিকিৎসার সুযোগ পাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা ছিল বলে তিনি মনে করেন।
এদিকে হার্পকে ঘিরে বিতর্কের মধ্যেই নারী সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের আচরণও নতুন করে আলোচনায় এসেছে। সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমস নাটালি হার্পকে নিয়ে প্রশ্ন করায় ট্রাম্প তাকে ‘লাউড’ ও ‘বাচাল’ বলে মন্তব্য করেন এবং চুপ থাকতে বলেন। হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও ওই সাংবাদিককে আক্রমণ করে একাধিক পোস্ট দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, নাটালি হার্পকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক শুধু একজন ট্রাম্প সহযোগীকে নিয়ে নয়; বরং মার্কিন রাজনীতিতে নারী, গণমাধ্যম এবং রাজনৈতিক আনুগত্যের সম্পর্ক নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।