উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯)। তারা সম্পর্কে আত্মীয় এবং রংপুর নগরের কোতোয়ালি থানার মাছুয়াপাড়া এলাকার বাসিন্দা। রোববার (২৩ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ প্রতিবেশীর বাড়ির ছাদ টপকে গণপতি চক্রবর্তীর (৬৫) বাড়ির ছাদে প্রবেশ করে ইয়াবা সেবন করছিলেন। শব্দ পেয়ে গণপতি ছাদে গিয়ে তাদের দেখতে পান এবং সেখানে থাকার কারণ জানতে চান।
পুলিশ কমিশনার জানান, ওই দুই যুবক গণপতিকে আগে থেকেই চিনত এবং তাকে ‘স্যার’ বলে ডাকত। ধরা পড়ে যাওয়ার পর তারা গামছা দিয়ে গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।
ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী সিঁড়ি দিয়ে ছাদে ওঠার চেষ্টা করলে তাকেও কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বাবা-মায়ের চিৎকার শুনে মেয়ে আগামী চক্রবর্তী (২৩) ঘর থেকে বেরিয়ে এলে তাকেও হত্যা করা হয়।
পুলিশ জানায়, পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম (১২) আসামিদের পরিচিত ছিল। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বর সঙ্গে প্রিয়ম খেলাধুলা করত। প্রিয়ম তাদের চিনে ফেলতে পারে—এ আশঙ্কায় তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
পুলিশের দাবি, চারজনকে হত্যার পরও আসামিরা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে বাড়ির ভেতরে অবস্থান করে। তারা ফ্রিজ থেকে শসা খায় এবং পরে গোসল করে। এরপর ডাইনিং টেবিলে বসে খেজুর খাওয়ার পাশাপাশি ইয়াবা সেবন করে।
তদন্ত ভিন্ন খাতে নিতে ঘটনাটিকে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করা হয় বলেও জানিয়েছে পুলিশ। ঘরের জিনিসপত্র এলোমেলো করা হয় এবং স্বর্ণালংকার লুট করা হয়।
পুলিশ কমিশনার জানান, সিদ্ধার্থ প্রায় আট বছর ধরে একটি জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করছে। সে আসল ও নকল স্বর্ণ শনাক্ত করতে পারে। লুট করা একটি চুড়ি আগুনে পুড়িয়ে স্বর্ণ যাচাই করার চেষ্টাও করা হয়।
আঙুলের ছাপ এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পরে লুট করা স্বর্ণালংকার মন্দিরের পেছনের একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা হয়। সেখান থেকে সেগুলো উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ কমিশনার বলেন, শুরুতে ঘটনাটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে পুলিশের মধ্যে সন্দেহ ছিল। তবে ঘটনাস্থলে পাওয়া ইয়াবা সেবনের আলামত, অর্ধেক খাওয়া শসা এবং আগুনে পোড়ানো স্বর্ণের চুড়িসহ বিভিন্ন আলামত তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে।
তিনি জানান, ঘটনাস্থলে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে।