উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডারউইনে ৯ উইকেটে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোটা অস্ট্রেলিয়ার জন্য ছিল গুরুত্বপূর্ণ। ম্যাকাইতে সেই জবাব তারা দিয়েছে দাপটের সঙ্গে। প্রথম দিনেই মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়। মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে তুলে দেন স্টার্ক। শেষ পর্যন্ত দুই দিনের মধ্যেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।
ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘আমার মনে হয়েছে সবাই খুব ধারালো ছিল। গত সপ্তাহের ঠিক বিপরীত চিত্র ছিল এবার। প্রথম এক-দুই ঘণ্টা যদি খুব ভালো যায়, তাহলে সেটাই পুরো ম্যাচের ভিত্তি তৈরি করে দিতে পারে।’
স্টার্কের দুর্দান্ত শুরুর পরও পুরো দল একই ধারাবাহিকতা ধরে রেখেছিল বলে মনে করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তিনি বলেন, প্রতি ম্যাচে ছয় উইকেটে ২০ রানের মতো শুরু আশা করা যায় না। তবে ম্যাকাইতে এমন শুরু পাওয়ার পর অস্ট্রেলিয়া প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রেখেছে।
ডারউইনে যেসব জায়গায় ভুল হয়েছিল, ম্যাকাইতে তার অনেকটাই সংশোধন করতে পেরেছে দলটি বলেও মনে করেন কামিন্স।
তিনি বলেন, ‘এই দুই দিনে অনেক কিছুই আমাদের পক্ষে গেছে, আর গত সপ্তাহে অনেক কিছুই বিপক্ষে গিয়েছিল। আমাদের ঘুরে দাঁড়ানো দরকার ছিল। ছেলেদের জন্য এটা দারুণ দুই দিন হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার সামনে শুরু হয়েছে ব্যস্ত টেস্ট সূচি। আগামী ১২ মাসে সর্বোচ্চ ২১টি টেস্ট খেলতে হতে পারে দলটিকে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজও অপেক্ষা করছে।
তবে ম্যাকাই টেস্টে জয় পেলেও অস্ট্রেলিয়ার সামনে কিছু প্রশ্ন রেখে গেছে সিরিজটি। তিন নম্বরে মার্নাস লাবুশেনের ফর্ম এবং ট্রাভিস হেডকে ওপেনিংয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে ভাবতে হবে দলকে।
অন্যদিকে ক্যামেরন গ্রিনের ব্যাটিং নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, এই সিরিজে তা অনেকটাই থামিয়ে দিয়েছেন তিনি। ডারউইনে সেঞ্চুরির পর ম্যাকাইয়ের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৬৭ রান করেন গ্রিন।
গ্রিনের প্রশংসা করে কামিন্স বলেন, ‘পুরো সিরিজেই সে ব্যাটিংয়ে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। ওর জন্য আমি সত্যিই খুশি। গতকাল এবং আজ সকালে সে আমাদের ইনিংসটা ধরে রেখেছে। আশা করি, এখান থেকে সে অনেক আত্মবিশ্বাস পাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি সে কতটা ভালো। এখন সে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দিচ্ছে। সামনে অনেক ক্রিকেট আছে, আশা করি সে এই ধারাটা ধরে রাখবে।’