উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধপণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, কাগজ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসাবে কানাডা। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করার জবাবে অটোয়ায় এই পাল্টা শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়।
মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্র যেভাবে কানাডার পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে, কানাডাও একই পরিমাণ শুল্ক দিয়ে তার জবাব দেবে। এর মাধ্যমে কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে সরকার সহায়তা দেবে এবং আগামী সপ্তাহে এ সহায়তা কর্মসূচির ঘোষণা আসতে পারে।
কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শুরুতে অগ্রগতি হলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন নতুন কিছু শর্ত দেয়। কানাডার দৃষ্টিতে এসব শর্ত ছিল অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য এবং এগুলো ভবিষ্যৎ বাণিজ্য চুক্তির সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতায় পড়া পণ্যের মূল্য দেশটিতে কানাডার রফতানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ।