উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ এত অপকর্ম করেছে যে দেশের ভেতরে স্থির থাকতে পারেনি এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দুনিয়ার ইতিহাস হলো একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। আজ রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযোদ্ধা হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ফ্যাসিবাদী সরকারের ১৫ বছরের পথ বর্তমান সরকারও অনুসরণ করছে বলে অভিযোগ করে জামায়াত আমির জানান, এই রাস্তা আয়নাঘর তৈরি, বিনা বিচারে হত্যা ও শাপলা চত্বরে আলেমদের ওপর হামলার রাস্তা। ফ্যাসিবাদের এই রাস্তা থেকে সরকারকে অবিলম্বে সরে আসতে হবে। জাতীয় সীরাত উদ্যাপন কমিটির আয়োজনে সীরাতুন্নবী উপলক্ষে রাসুল (সা.)-এর নীতি ও আদর্শ শীর্ষক এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরে ধারণা করা হয়েছিল ফ্যাসিবাদ দূর হবে, কিন্তু আবর্জনা পরিষ্কার না হয়ে বরং আরও বেড়েছে। নির্বাচিত সরকার আসার পরে বিশেষ একটি দেশকে খুশি করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক উপাদান গায়েব করা হয়েছে। ছাত্রশিবির নেতা দেলোয়ার হোসেন ও ফেলানীর স্মৃতিচিহ্নও এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, যা কোনো ভালো লক্ষণ নয়।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় সীরাত উদ্যাপন কমিটির সদস্যসচিব আব্দুল মান্নান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আ ক ম আবদুল কাদের। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান, নূরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, অধ্যাপক শামসুল আলম, খলিলুর রহমান মাদানী ও রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যাপক আ ন ম রফিকুর রহমান মাদানী।