উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কানাডার বাণিজ্যনীতির সমালোচনা করে এ মন্তব্য করেন।
ট্রাম্প লেখেন, ‘কানাডা অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায়!’ একই পোস্টে তিনি মার্কিন কৃষিপণ্যের ওপর কানাডার উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তুলে বলেন, বহু বছর ধরে কানাডা যুক্তরাষ্ট্রের কৃষকদের ওপর ‘বিপুল পরিমাণ শুল্ক’ আরোপ করেছে। তাঁর ভাষায়, ‘আর নয়।’
দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির সমালোচনা করে এটিকে কানাডাকে ‘ক্ষতিগ্রস্ত ও বিভক্ত’ করার একটি ভুল হিসাব বলে মন্তব্য করেন।
কার্নি জানান, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডলারের বিনিময়ে ডলার ভিত্তিতে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে কানাডার। একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে অটোয়া।
অন্যদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার দাবি করেছেন, প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা একটি বাণিজ্য চুক্তি থেকে কানাডা সরে এসেছে। তাঁর মতে, চুক্তিটি কার্যকর হলে মার্কিন বাজারে কানাডার পণ্যের ওপর শুল্ক আরও কমে আসত।
বাণিজ্য বিরোধকে কেন্দ্র করে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিতই দিচ্ছে দুই দেশের নেতাদের সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্য।