উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান জানিয়েছেন, সদ্য স্বাধীন বাংলাদেশে রক্ষীবাহিনী গঠন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। ২০০৬ সালে রাজধানীর পল্টনে আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি-বৈঠার হামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনাও তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আনসার উদ্দিন খান পাঠান বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান রয়েছে। গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি মানুষের যে প্রত্যাশা থাকে, দলটি বিভিন্ন সময়ে তার ব্যত্যয় ঘটিয়েছে কি না, শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, ঘটনাগুলো অনেক পুরোনো হওয়ায় তদন্ত শেষ করতে সময় লাগতে পারে। বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব বলেও জানান তিনি। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্টরা জানান, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ২০১৩ সালে সংশোধন এনে ‘অরগানাইজেশন’ বা ‘সংগঠন’ শব্দটি যুক্ত করা হয়। সংশোধিত আইনের আওতায় রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার করার সুযোগ তৈরি হয়েছে।
এর পাশাপাশি ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। এতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে আওয়ামী লীগের বিচার হবে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তের আওতায় স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের সময় গঠিত রক্ষীবাহিনীর কর্মকাণ্ডও রয়েছে। রক্ষীবাহিনীকে রাজনৈতিক বিরোধীদের দমন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ব্যবহারের অভিযোগ বিভিন্ন সময় রাজনৈতিক ইতিহাস ও গবেষণামূলক লেখায় উঠে এসেছে।
এ ছাড়া ১৯৭৫ সালে বিপ্লবী সিরাজ শিকদার নিহত হওয়ার ঘটনাসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্ত সংস্থা জানিয়েছে।
তদন্তকারীদের মতে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দীর্ঘ সময়ের অভিযোগের তদন্ত করতে হলে ঘটনার ধারাবাহিকতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহারের বিষয়গুলোও যাচাই করা প্রয়োজন।
রাজধানীর পল্টনে ২০০৬ সালের রাজনৈতিক সহিংসতার ঘটনাও তদন্তের আওতায় রয়েছে। ওই ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি-বৈঠার হামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী নিহত হওয়ার অভিযোগ রয়েছে।
তদন্তের মাধ্যমে ওই ঘটনায় কারা জড়িত ছিলেন, তাদের ভূমিকা কী ছিল এবং ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার আওতায় পড়ে কি না—এসব বিষয় যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরের শাসনামলে ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ার’-এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও আনা হয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যের বরাত দিয়ে অভিযোগে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিভিন্ন সময়ে অন্তত ১ হাজার ৯২৬ জন নিহত হয়েছেন।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়টিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার আওতায় এসেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২০২৫ সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলছিল। এর ধারাবাহিকতায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সংগঠন হিসেবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। দলকে প্রচলিত অর্থে কারাদণ্ড দেওয়া সম্ভব না হলেও দল নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স স্থগিত করা এবং সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
তবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তে এখনো চূড়ান্ত প্রতিবেদন বা অপরাধের দায় নির্ধারণ হয়নি। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: দৈনিক যুগান্তর