উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলায় প্রধান আসামি শেখ সিফাতসহ ৭ জনের ১০ দিন এবং চার নারী আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন এবং বিষয়টি আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ নিশ্চিত করেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ ১১ আসামিকে আদালতে হাজির করলে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও নিহত বুলবুলের স্বজনরা প্রধান আসামি শেখ সিফাতের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে আদালতের এজলাসে নিয়ে যায় এবং মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আদালত শেখ সিফাতসহ সাতজনকে ১০ দিন এবং চার নারী আসামিকে তিন দিন করে রিমান্ড দেন। ১০ দিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন শেখ সিফাত, জুম্মন ওরফে হোয়াইট জুম্মন, মো. সিয়াম, মাহবুব হোসেন ওরফে মাহাফুজ, রিয়াদ, ইরফান ও সিজান ওরফে জিসান।
অন্যদিকে তিন দিনের রিমান্ডপ্রাপ্ত চার নারী আসামি হলেন মিনারা, রুমা, নাসিমা এবং ইয়াসমিন। গত বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় সন্ত্রাসী হামলায় ইসলামী যুব আন্দোলনের বন্দর পশ্চিম শাখার যুগ্ম সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল নিহত হন এবং পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে। নিহতের বড় ভাই জুবায়ের আল আমিন বাদী হয়ে ৪০ জনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন।