উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জের ভৈরবে আল আমিন নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি দুবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বর্তমানে তিনি জামিনে ছিলেন এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকটা আড়ালে জীবন যাপন করতেন। ঘটনার রাতে তিনি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রিভারভিউ হোটেল থেকে মোটরসাইকেল নিয়ে বাসার উদ্দেশে রওনা হন।
বাসার সড়কে ঢুকে কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আল আমিনের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর একটি পায়ের রগ কেটে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আল আমিনের স্ত্রী তানিয়া খানম জানান, ঘটনার রাতে স্বামীর সঙ্গে সর্বশেষ তাঁর কথা হয়েছিল এবং তাঁকে কেন বা কারা হত্যা করেছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা করতে পারছেন না। পুলিশ ও স্থানীয় সূত্রে এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।