উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সামনের দিকে বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সোমবার ২৪ আগস্ট বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জি খাতে পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে মার্কিন পক্ষ আশ্বস্ত করেছে। বৈঠকে সরকারের নীতি ও ইশতেহার অনুযায়ী বিগত ৬ মাসের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের মধ্যে কথা হয়।
মীর শাহে আলম বলেন, ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনে চায়নার একটি কোম্পানির সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে এবং আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক আরও গভীর ও এগিয়ে নেওয়ার বিষয়েও বৈঠকে একমত পোষণ করা হয়।
বাণিজ্য চুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়গুলো তাদের মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত নয় বরং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এগুলো দেখবে। নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতার বিষয়ে কথা হয়েছে এবং তাদের মন্ত্রণালয় মূলত স্থানীয় সরকার বিষয়গুলো নিয়েই কাজ করে থাকে।