উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পুঁজিবাজারে গতকাল সূচকে বড় ধরনের নিম্নমুখিতা দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এদিন ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও উল্লেখযোগ্য হারে পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে নেমেছে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এলএইচবি ও সিটি ব্যাংকের শেয়ার। ডিএসইতে গতকাল ৭১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭২ কোটি টাকা। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩২৪টির এবং দর অপরিবর্তিত ছিল ৩০টির। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, মোট লেনদেনের ২৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত এবং ৭ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক খাত। সিরামিক খাত ব্যতীত গতকাল সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৫ শতাংশ, সাধারণ বীমা খাতে ২ দশমিক ১ এবং জীবন বীমা খাতে ১ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সিরামিক খাতের শেয়ারে এদিন দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৩০ পয়েন্টে নেমেছে। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪৯টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৯ কোটি টাকা।