উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের শ্রীপুরে কৃষক দল নেতা জজ মিয়াকে লক্ষ্য করে তার ব্যক্তিগত কার্যালয়ে দুটি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলির শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক দল নেতা জজ মিয়া। পরে তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি এবং ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, রাতে কার্যালয়ে লোকজনের সঙ্গে কথা বলার সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে টার্গেট করে। এরপর তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার পরপরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সহকারী পুলিশ সুপার জানান, পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।