উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যদের দীর্ঘদিন বিনাবিচারে আটক রাখা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। তাদের মধ্যে শত শত ব্যক্তি কোনো ধরনের অভিযোগ ছাড়াই এখনো কারাগারে আটক রয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কিছু কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ থাকতে পারে। তবে আন্দোলনকারী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে স্পষ্ট প্রমাণ ছাড়াই অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেছে এইচআরডব্লিউ।
আটক ব্যক্তিদের পরিবারের সদস্য ও আইনজীবীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অনেকেই বয়স্ক। কেউ কেউ গুরুতর অসুস্থ হলেও জামিন ও প্রয়োজনীয় চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে মারা গেছেন। তাদের বেশির ভাগের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ছিল না বলেও দাবি করেছে সংস্থাটি।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক এলাইন পিয়ারসন বলেন, এক সরকারের পর আরেক সরকার শত শত বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে প্রমাণ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কারাগারে আটকে রেখেছে।
তিনি বলেন, সরকার সংস্কারের কথা বলেছে। সেই সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিন এভাবে আটকে রাখা বন্ধ করা উচিত।
এইচআরডব্লিউ বলেছে, যেসব মামলায় কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি, সেসব মামলাতেও রাষ্ট্রপক্ষ বারবার জামিন বাতিলের আবেদন করেছে। নিম্ন আদালত ও জেলা আদালতগুলো নিয়মিত জামিন নাকচ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমনকি হাইকোর্ট জামিন দেওয়ার পরও নতুন মামলা দিয়ে কিছু ব্যক্তিকে কারাগারে আটকে রাখার অভিযোগ করেছে সংস্থাটি।
আন্তর্জাতিক মানবাধিকার আইনের ব্যাখ্যা তুলে ধরে এইচআরডব্লিউ বলেছে, বিচার শুরু হওয়ার আগে কিছু ক্ষেত্রে কাউকে আটক রাখা বা শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে। তবে এটি ব্যতিক্রমী ব্যবস্থা হওয়া উচিত, সাধারণ নিয়ম নয়।
এ ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আটক রাখার প্রয়োজনীয়তা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটির দাবি, বর্তমান খসড়া যেভাবে রয়েছে, সেভাবে আইনটি পাস হলে নতুন কমিশন বেআইনি বা অযৌক্তিকভাবে কাউকে গ্রেপ্তারের অভিযোগ তদন্ত করতে পারবে না।
এইচআরডব্লিউর প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোনো অভিযোগ ছাড়াই আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, হাসিনা সরকারের সমর্থক সাবেক আইনপ্রণেতা, আওয়ামী লীগপন্থী কর্মী, কর্মকর্তা ও সাংবাদিক রয়েছেন।
পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধেও বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতির কথা উল্লেখ করে এইচআরডব্লিউ বলেছে, বিচার শুরুর আগে কাউকে আটক রাখার ক্ষেত্রে তার স্বাধীনতার অধিকার, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে গণ্য হওয়ার নীতি এবং আইনের চোখে সমতার বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
সংস্থাটি বিচারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারাগারে আটক প্রতিটি ব্যক্তির বিষয় আলাদাভাবে পর্যালোচনার আহ্বান জানিয়েছে। আটক রাখা আইনসম্মত ও প্রয়োজনীয় কি না, তা যাচাই করে যারা আটক রয়েছেন তাদের দ্রুত বিচার করার অথবা মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এলাইন পিয়ারসন বলেন, কোনো বিচারিক অভিযোগ ছাড়াই বয়স্ক মানুষ কারা হেফাজতে মারা গেলে তা বিচার-পূর্ব আটককে ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে রাখার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বাংলাদেশ সরকারের আমলে কারাগারে সংঘটিত সব মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া এবং কোনো অভিযোগ ছাড়াই মানুষকে দীর্ঘদিন অযৌক্তিকভাবে আটক রাখা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
দৈনিক টারমিগান-এর নোট:
এই প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ ও বক্তব্য তুলে ধরা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে আদালতে প্রমাণিত সত্য হিসেবে উপস্থাপন করা হয়নি।