উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের চাপে হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। রোববার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় বাঁধের একটি অংশ ভেঙে তীব্র বেগে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও নিম্নাঞ্চল।
পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রবল বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরার চাকমা ব্যারেজের গেট খুলে দেওয়ায় খোয়াই নদীতে পানি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একপর্যায়ে বাল্লা পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং পানির তোড়ে বাঁধটি ভেঙে যায়। পানি ঢুকে পড়ায় গুরুত্বপূর্ণ হবিগঞ্জ-মিরপুর সড়কের কয়েকটি অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এর আগে গত ৯ জুলাই একই এলাকায় বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ, ৪৩ দিন পার হলেও বাঁধটির টেকসই মেরামত সম্পন্ন হয়নি। এছাড়া খোয়াই নদী থেকে দীর্ঘদিন অবৈধ বালু উত্তোলনের কারণে বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ফলে নতুন করে উজান থেকে আসা পানির চাপ দুর্বল অংশটি সহ্য করতে পারেনি।
বাঁধ ভাঙার ঘণ্টাখানেক আগে সকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ও পুলিশ সুপার তারেক মাহমুদসহ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি নেমে গেলে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।