উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জবাবকে অপেশাদার ও আক্রমণাত্মক আখ্যায়িত করেছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। আজ সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। প্রতিমন্ত্রীর এই বক্তব্য মন্ত্রিসভার একজন সদস্যের কাছ থেকে প্রত্যাশিত পেশাদারত্বের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সাংবিধানিক যোগ্যতা নিয়ে করা একটি সরাসরি প্রশ্নের জবাব না দিয়ে প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে উপহাস করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত দিয়েছেন। অতীতে ব্রিটিশ রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত থাকায় মন্ত্রিসভায় যোগদানের আগে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছিলেন কি না, তা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকেরা তুললে তিনি বিদ্রূপাত্মক ভাষা ব্যবহার করেন এবং মইনউদ্দিন-ফখরুদ্দীনের সময়ের কথা টেনে আনেন।
সংগঠনটির মতে, মন্ত্রীর এমন আচরণ স্বাধীন সংবাদমাধ্যমের মৌলিক ভূমিকাকে ক্ষুণ্ন করে এবং সাংবাদিকদের ভয় দেখাতে পারে। সরকারি কর্মকর্তাদের মনে রাখা উচিত যে সাংবাদিকেরা কোনো প্রতিপক্ষ নন, বরং জনস্বার্থেই তাঁরা প্রশ্ন করেন। বিজেআইএম তাই প্রতিমন্ত্রীর নাগরিকত্বের অবস্থা এবং সাংবিধানিক যোগ্যতা নিয়ে ওঠা বৈধ প্রশ্নের স্পষ্ট ও সুনির্দিষ্ট জবাব দাবি করেছে।