উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চিকিৎসকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সততা, দয়া ও সেবামূলক শিক্ষা ধারণ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দরা। তারা বলেন, চিকিৎসাসেবা শুধু পেশা নয়, এটি মানুষের জীবন ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি মহান দায়িত্ব। তাই রোগীর প্রতি সহমর্মিতা, সততা ও মানবিক আচরণ চিকিৎসকদের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
সোমবার ২৪ আগস্ট দুপুরে এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘সিরাতুন্নবী (সা.)-এর গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আমাদের জন্য তাঁর আদর্শ’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মানবজাতির সার্বিক কল্যাণ, নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন এবং সুশৃঙ্খল সমাজ গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
তার জীবন ছিল সত্যবাদিতা, আমানতদারি, দয়া, ক্ষমা, ন্যায়বিচার ও মানুষের সেবার অনন্য দৃষ্টান্ত। তারা বলেন, একজন চিকিৎসক প্রতিদিন অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের সঙ্গে কাজ করেন। ফলে চিকিৎসকদের আচরণে মানবিকতা ও সহমর্মিতা থাকা অত্যন্ত জরুরি।
রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার সঙ্গে সমান আচরণ, রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া এবং পেশাগত দায়িত্বে সততা বজায় রাখার মাধ্যমে মহানবীর (সা.) শিক্ষা অনুসরণ করা সম্ভব। তিনি বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ প্রয়োজন। চিকিৎসকদের মতো সমাজের গুরুত্বপূর্ণ পেশাজীবীদের নৈতিক অবস্থান আরও দৃঢ় হলে মানুষের প্রতি দায়িত্বশীলতা ও সেবার মানও বাড়বে।
সভায় সভাপতিত্ব করেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার। অনুষ্ঠানে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।