উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। তবে সেই স্বস্তির মাঝেই তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এবার তিনি ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
দ্রুত অস্ত্রোপচারের পর রোগটি হাই-গ্রেড কার্সিনোমা হিসেবে শনাক্ত হওয়ায় বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ক্যান্সারের সঙ্গে এই নতুন লড়াইয়ের বিষয়টি জানান সামিয়া।
পোস্টে সামিয়া জানান, পাঁচ বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। প্রথমবার তাকে কেমোথেরাপি নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা সম্পন্ন হয়েছিল। তবে এবারের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম।
কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার আশঙ্কায় আগেই চুল ছোট করেছেন এই অভিনেত্রী। নতুন হেয়ারকাটের ভিডিও শেয়ার করে তিনি জানান, চুল পড়ে যাওয়ার আগেই নতুন রূপকে উদযাপনের মাধ্যমে নিজেকে মানসিকভাবে সাহস দিতে চেয়েছেন। এছাড়া ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, যেন কাউকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়।