উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুদ্ধের প্রথম শিকার হয় সত্য, আর এর মাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য গোপন করে প্রচার করা হয় নানা গুজব। পারস্য উপসাগরের পরিবেশ যুদ্ধ শুরুর আগেই জলবায়ু পরিবর্তন এবং পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে নানা চাপের মধ্যে ছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী থেকে পানির প্রবাহ কমার পাশাপাশি ডিস্যালিনেশন প্লান্ট থেকেও পরিবেশে অতিরিক্ত গরম পানি মিশছিল।
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় উপসাগরীয় দেশগুলো লবণমুক্ত করা পানির ওপর বেশি নির্ভরশীল। সৌদি আরব ছাড়া এ অঞ্চলের দেশগুলোয় আবাসিক পানির চাহিদার ৮৬ থেকে ১০০ শতাংশই মেটানো হয় ডিস্যালিনেশন প্লান্ট থেকে। ফলে সমুদ্রে বড় ধরনের তেল ছড়িয়ে পড়ার ঘটনা কেবল সামুদ্রিক প্রাণীর জন্যই নয়, মানুষের সুপেয় পানির সরবরাহের জন্যও বড় হুমকি তৈরি করতে পারে।
মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত জাহাজ ও জ্বালানি তেলের ট্যাংকের কারণে পারস্য উপসাগরের মানুষ ও সামুদ্রিক পরিবেশ বড় ঝুঁকিতে পড়েছে। ১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধের শেষ দিকে কুয়েতের প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছিল। বর্তমান সংঘাতেও ইরানের যুদ্ধকৌশল এবং বিভিন্ন ট্যাংকারে হামলার ঘটনায় এমন ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
শুধু পারস্য উপসাগর নয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে লোহিত সাগরেও পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। ২০২৩ সালের শেষ দিক থেকে চলা এসব হামলায় কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত ও ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। কামার এনার্জির প্রধান নির্বাহী রবিন এম মিলস জানিয়েছেন, চলমান সংঘাতেও পরিবেশের বিষয়টি উপেক্ষিত থাকছে এবং যুদ্ধের চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে প্রকৃতিকে।