উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ ঘিরে কোনো আশঙ্কা দেখছেন না দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের গণরায় বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ১১–দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার জানান, রাজনৈতিক কর্মসূচির জন্য অনুমতির কোনো প্রশ্ন নেই, তারা মূলত পুলিশকে কর্মসূচি সম্পর্কে অবহিত করতে এসেছিলেন। নিরাপত্তার জন্য নয়, বরং কোথায় কখন কর্মসূচি হবে তা জানাতেই তাঁরা আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। পুলিশ তাদের সার্বিক সহযোগিতা করার পাশাপাশি কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।
সারা দেশে চারটি রুটে এই লংমার্চ হবে এবং আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ দিয়ে তা শুরু হবে। পথসভাসহ লংমার্চের বিস্তারিত সূচি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, জ্বালানি ও সারসংকট দূর করা এবং আইনশৃঙ্খলার উন্নতি।
এ সময় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারী, আতাউল্লাহ আমীন, মোস্তাফিজুর রহমান ইরান এবং মাওলানা আবদুল মাজেদ আতহারী।