উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মো. ইউনুস আলীর পিতার নাম মো. তৈয়ব আলী এবং মাতার নাম মোছা. আফলাতুন। তার স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী জাফরটলী গ্রামে। রাষ্ট্রপতি যতদিন এই পদে থাকবেন বা তাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেড-২ পদমর্যাদায় তাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ অনুযায়ী এই দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব সংযুক্ত পদে বদলি ও পদায়ন করা হয়েছে। সরকারের জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।