উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে গতকাল অনুষ্ঠিত এই বৈঠকে বন্ধ থাকা সীমান্ত হাটগুলো পুনরায় চালু, স্থলবন্দরগুলো পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা, যৌথ বিনিয়োগ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য থাকলেও গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতার কারণে কার্যক্রমে কিছুটা ধীরগতি এসেছে।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে স্থলবন্দর ও বন্ধ সীমান্ত হাট চালুর বিষয়গুলো বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া দুই দেশের ব্যবসায়ীদের সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠকে বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক কিছু মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষ উন্নয়ন ও অগ্রগতি চায় এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করতে হবে। তিনি সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হলে অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধি পাবে।