উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমন ধানের মৌসুমে সারা দেশে সার নিয়ে চলা অস্থিরতা ও সংকটের সমাধানে জরুরি সার বিতরণ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক–মজুর সংহতি। সংগঠনটি বলেছে, সংকটের কারণে কৃষকেরা কালোবাজারে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। সরকার–নির্ধারিত পরিবেশকেরা বা ডিলাররা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির জন্য গোপন মজুত গড়ে তুলেছেন। সোমবার এক বিবৃতিতে কৃষক-মজুর সংহতির সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলু ও সাধারণ সম্পাদক আবদুল আলিম এই কথা বলেছেন।
বিবৃতিতে ক্ষমতাসীন বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের এই কৃষক সংগঠন সার সরবরাহে চলমান অব্যবস্থাপনা, আমলাতন্ত্রের অদক্ষতা ও দুর্নীতির নিন্দা জানিয়েছে। দেশে খাদ্যনিরাপত্তার স্বার্থে সংগঠনটি পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে কৃষক প্রতিনিধিদের যুক্ত করে জরুরি সার বিতরণ টাস্কফোর্স গঠন, কালোবাজারিতে অভিযুক্ত ডিলার ও দায়ী কর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং চীন, রাশিয়াসহ মধ্যপ্রাচ্য থেকে জরুরি ভিত্তিতে সার আমদানির ব্যবস্থা নেওয়া।
সংগঠনটি আরও দাবি জানিয়েছে, কৃষকদের জিম্মি করে সিন্ডিকেট কায়েম করা দুর্নীতিগ্রস্ত ডিলারদের ক্রমান্বয়ে বাতিল করতে হবে। খোলাবাজারে সরাসরি সার বিক্রয় পদ্ধতি ও কিউআর কোড দিয়ে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে সারের ভর্তুকি সরাসরি কৃষকদের নগদে পরিশোধ করতে হবে। সারা দেশে আমন মৌসুমে সার সংকট চললেও সরকার ও কৃষি মন্ত্রণালয় দাবি করেছে যে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো প্রকৃত সংকট নেই। প্রায় ১০ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এলেও কৃষিমন্ত্রী ও সচিব তা অস্বীকার করে গেছেন। এর মধ্যেই গত রোববার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকেরা ডিলারের মজুত ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। সার সরবরাহ নীতিমালার পরিবর্তন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে ডিলারদের লেনদেন এবং দাম বাড়িয়ে বিক্রির স্বার্থে এক এলাকার সার অন্য এলাকায় মজুত করার কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।