উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে নিরাপদ ফুটপাত, রাস্তা পারাপার এবং মানসম্মত গণপরিবহন নিশ্চিত করার দাবি জানিয়েছেন আলোচকরা। সোমবার (২৪ আগস্ট) ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের আয়োজনে কৈবর্ত সভাকক্ষে বাসযোগ্য নগরী গঠনে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলা হয়।
বক্তারা বলেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে ঢাকা শহরে পার্ক, খেলার মাঠ, জলাধার কমে গিয়ে তাপমাত্রা, দূষণ ও যানজট বাড়ছে। ঢাকার ৫ থেকে ৭ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করলেও ৯০ শতাংশের বেশি মানুষ হাঁটা, সাইকেল ও গণপরিবহনের ওপর নির্ভরশীল।
অনুষ্ঠানে ফুটপাতের মান উন্নয়ন, সাইকেলের জন্য নির্দিষ্ট লেন তৈরি এবং শহরের খাস জমি দখলমুক্ত করার বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুনের সঞ্চালনায় সভায় সংস্থার পরিচালক গাউস পিয়ারী, সৈয়দা রত্না, হুমায়ুন কবির সুমন, আবুল কালাম আজাদ, নাঈমা আকতার, মো. সেলিম ও মেরিনা আক্তার উপস্থিত ছিলেন।