উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
অভিযান চলাকালে মুসলিময় সুইটস অ্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের চিত্র দেখতে পান কর্মকর্তারা। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল।
এ ছাড়া রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইকবাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন টঙ্গীবাড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।