উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার তেহরানে দিনব্যাপী কূটনৈতিক সফরে যান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অচলাবস্থা নিরসন এবং যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করা।
পাকিস্তানের সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হয়েছে।
তেহরানে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পাকিস্তানি সামরিক বাহিনী জানায়, বৈঠকে সংঘাতের আরও বিস্তার ঠেকানো, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং দ্রুত যুদ্ধের অবসান ঘটানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, যুদ্ধ অবসানে পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (Islamabad MoU) পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটির উদ্বেগগুলো খোলামেলাভাবে তুলে ধরেছেন এবং সব গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
নাকভির ভাষায়, আলোচনায় “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে এবং বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। এই অগ্রগতি ভবিষ্যতে আরও আলোচনার পথ তৈরি করবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান ও পদ্ধতি পরিবর্তন করতে হবে।
তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচিত ইরানের ওপর শর্ত চাপিয়ে দেওয়া কিংবা ভয় দেখানোর পরিবর্তে আলোচনার ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য ও গঠনমূলক অবস্থান নেওয়া।
ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘ভয় দেখানোর নীতি’ ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে উপসাগরীয় অঞ্চলে নতুন করে জাহাজ আটক ও হামলার ঘটনা ঘটার পর সেই কাঠামো কার্যত দুর্বল হয়ে পড়ে। গত সপ্তাহে সমঝোতার মেয়াদও শেষ হয়ে যায়।
এর মধ্যেই পাকিস্তান নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।
বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় চালু করা আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ রয়েছে।
এদিকে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। অন্যদিকে তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিতে পারে।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।
তেহরানের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হলেও যুদ্ধ অবসানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ফলে পাকিস্তানের মধ্যস্থতা শেষ পর্যন্ত কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।