উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিচালিত বিভিন্ন সমন্বিত অভিযান ও মোবাইল কোর্টের প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। এসব অভিযানে বিএফএসএর পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সম্প্রতি ধানমন্ডির একটি সুপারশপে অভিযানে প্রায় দুই কেজি অসুস্থ গরুর কলিজা পাওয়া যায়। একই অভিযানে মুরগির গিলা ও কলিজা অপরিষ্কার পরিবেশে সংরক্ষণ, কসাইখানা অপরিচ্ছন্ন রাখা এবং মাংস প্রক্রিয়াজাতকরণের সময় স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়। কর্মীদের মাস্ক, অ্যাপ্রন ও হ্যান্ড গ্লাভস ব্যবহার না করার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক জরিমানা না করে ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয়। পরবর্তী সময়ে সন্তোষজনক অগ্রগতি পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে ফার্মগেটের একটি সুপারশপে লেবেল ছাড়াই ফল ও কাঁচা মাছ বিক্রির তথ্য পাওয়া যায়। একই ফ্রিজে কাঁচা মাংস ও অন্যান্য খাদ্যপণ্য রাখার প্রমাণও মেলে। এতে এক খাদ্যপণ্য থেকে অন্য খাদ্যপণ্যে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। মগবাজারের একটি সুপারশপে অপরিষ্কার অবস্থায় গরুর পায়া সংরক্ষণ এবং অন্য একটি প্রতিষ্ঠানে যথাযথ লেবেল ছাড়াই গোলাপজল ও কেওড়ার জল বিক্রির তথ্য পাওয়া যায়। ধানমন্ডির আরেকটি সুপারশপে কালো হয়ে যাওয়া নষ্ট গরুর মগজ পাওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে। সুপারশপের পাশাপাশি রাজধানীর কাঁচাবাজারেও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। মিরপুর-১-এর শাহ আলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ি ও অসুস্থ খাসির পচা কলিজা জব্দ করে ধ্বংস করা হয়। খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজারে পোয়া মাছে রাসায়নিক রঞ্জকের উপস্থিতিও শনাক্ত করা হয়। এ ছাড়া ওই বাজারে মূল্য তালিকা না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির তথ্য পাওয়া যায়। নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে রঙ মেশানো মুগডাল এবং লেবেলবিহীন গুড় ও মুড়ি বিক্রির প্রমাণ মেলে। মাছ ও মাংসের উৎসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। কচুক্ষেত বাজারেও জেলিযুক্ত চিংড়ির পাশাপাশি অনুমোদনহীন বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খোলা কাঁচাবাজারে অবকাঠামোগত ও পরিবেশগত সীমাবদ্ধতার কারণে খাদ্যপণ্য দূষিত হওয়ার ঝুঁকি বেশি। অপরদিকে সুপারশপের পরিবেশ তুলনামূলক পরিচ্ছন্ন হলেও সেখানেও খাদ্য সংরক্ষণের তাপমাত্রা, ফ্রিজের কার্যকারিতা, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পণ্যের লেবেল ও মেয়াদ নিয়ন্ত্রণে ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, একই ফ্রিজে কাঁচা মাংস, মাছ ও প্রস্তুত খাবার রাখলে ক্রস-কন্টামিনেশনের ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া নির্ধারিত তাপমাত্রায় দুধ, দই, মাছ ও মাংস সংরক্ষণ না করলেও খাদ্যের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে অনিয়ম পাওয়া গেলেই প্রতিটি ক্ষেত্রে তাৎক্ষণিক মামলা বা জরিমানা করা হয় না। অনিয়মের ধরন ও মাত্রা বিবেচনায় সংশোধনের জন্য সাত দিন, ১০ দিন বা এক মাস সময় দেওয়া হতে পারে। নির্ধারিত সময়ে ত্রুটি সংশোধন না হলে অথবা গুরুতর অনিয়ম অব্যাহত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, এসব অভিযানের উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়; খাদ্য ব্যবসায়ীদের নিয়ম মেনে চলতে বাধ্য করা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফার আশায় খাদ্যপণ্যে অনুমোদনহীন রাসায়নিক, রং বা অন্যান্য উপাদান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে মাছ, মাংস, দুধজাত পণ্য ও প্রক্রিয়াজাত খাবারে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা জরুরি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে দ্রুত শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয় এবং গুরুতর অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাঁচাবাজার ও সুপারশপ—দুই ক্ষেত্রেই নিয়মিত নজরদারি, নমুনা পরীক্ষা এবং আইন প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।রাজধানীর কাঁচাবাজার থেকে শুরু করে অভিজাত সুপারশপ—কোথাও পুরোপুরি নিরাপদ নয় খাদ্যপণ্য। কোথাও জেলি পুশ করা চিংড়ি, রাসায়নিক রঞ্জক মেশানো মাছ ও রঙযুক্ত ডাল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। আবার সুপারশপে মিলছে অসুস্থ পশুর অঙ্গ, নষ্ট মাংস, লেবেলবিহীন পণ্য এবং অপরিষ্কারভাবে সংরক্ষিত খাদ্যপণ্য।
সুপারশপেও মিলছে অনিয়ম
কাঁচাবাজারে আরও গুরুতর অভিযোগ
পরিচ্ছন্নতার আড়ালেও ঝুঁকি
ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে উদ্বেগ