উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীজুড়ে চেকপোস্ট, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। মঙ্গলবার (২৫ আগস্ট) এ তথ্য জানিয়ে তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনার পাশাপাশি মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থেকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।
স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। সংশ্লিষ্ট থানার মোবাইল টিম র্যালির সামনে ও পেছনে অবস্থান করছে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠে থেকে নিরাপত্তা তদারকি করছেন এবং ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।