উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রাদেশিক রাজধানী পালেমবাংয়ে প্রায় ৩ হাজার মানুষ বৃষ্টির জন্য বিশেষ এই নামাজে অংশ নেন। গভর্নরের কার্যালয়ের প্রাঙ্গণে নামাজ চলার সময় ঘন ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যায়। দিনের বেলাতেও গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
ইন্দোনেশিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির মধ্যে দক্ষিণ সুমাত্রায় দাবানলের হটস্পট সবচেয়ে বেশি। সেখানে ১ হাজার ৪২৯টি হটস্পট শনাক্ত হয়েছে। এরপর পশ্চিম কালিমান্তানে ১ হাজার ২২৬টি এবং মধ্য কালিমান্তানে ৮১১টি হটস্পট শনাক্ত হয়েছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইন্দোনেশিয়ায় প্রায় ৯৪০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। এর মধ্যে দক্ষিণ সুমাত্রায় পুড়েছে ২০ বর্গকিলোমিটারের বেশি এলাকা।
দক্ষিণ সুমাত্রার গভর্নর হারমান দেরু নামাজের আগে বলেন, দাবানল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন তারা।
ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এল নিনো পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুমের কারণে দাবানল আরও তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দাবানলের ধোঁয়া ইন্দোনেশিয়ার সীমান্ত পেরিয়ে মালয়েশিয়া ও ব্রুনেইয়েও ছড়িয়ে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কয়েক ডজন উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করছে। কোথাও ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি নামানোর চেষ্টা, আবার কোথাও আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে জমি পরিষ্কারের জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় চারটি কোম্পানির বিরুদ্ধেও তদন্ত চলছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌসুমি দাবানল ও সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া ধোঁয়া দীর্ঘদিন ধরেই পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে আছে। এবার দক্ষিণ সুমাত্রার দাবানলেও ব্যাপক ধোঁয়ায় স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।