উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রয়টার্স জানায়, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ইসলামী দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠলে তাতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা অস্বাভাবিক নয়। তিনি মক্কা জোটের আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই উদ্যোগে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব ঢাকাকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে আমন্ত্রণটি ঠিক কখন দেওয়া হয়েছে, তা সূত্রটি জানায়নি।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান চলতি আগস্টে মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির অন্যতম মূলনীতি হলো—কোনো একটি সদস্য দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। রয়টার্সের আগের এক প্রতিবেদনে এটিকে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নীতির সঙ্গে তুলনা করা হয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, জোটটি ভবিষ্যতে আরও দেশের জন্য উন্মুক্ত রাখা হবে। সদস্য দেশগুলো যৌথ সামরিক মহড়া ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতাসহ বিভিন্ন প্রক্রিয়া গড়ে তুলতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মক্কা জোটে যোগ দিলে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের ওপরও প্রভাব পড়তে পারে। কারণ পাকিস্তান এই জোটের অন্যতম সদস্য। বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্কেও বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন রয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী ভূরাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে এসেছে। ফলে কোনো সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে ভারত ছাড়াও চীন, যুক্তরাষ্ট্র, ইরান, জাপান, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে পারে।
বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে তৈরি পোশাক রপ্তানি ও প্রবাসী আয়নির্ভর। দেশের তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠান।
তাই সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এর সম্ভাব্য নিরাপত্তা সুবিধার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স ও কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাবও বিবেচনা করতে হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
রয়টার্সের ভাষ্য অনুযায়ী, মক্কা জোটে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ তাই শুধু একটি প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নয়; এটি ঢাকার দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স
রয়টার্সের মূল প্রতিবেদন