উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফাইনালকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্যে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে মুন্সীগঞ্জ পৌরসভা।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, বিভিন্ন উপজেলার ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, সাংবাদিকসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপের মতো আয়োজন স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের টুর্নামেন্ট আরও বেশি আয়োজন করা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রেখেছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাঠমুখী করার পাশাপাশি মাদক ও নানা অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা ও রানার্সআপ লৌহজং উপজেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।