উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি তথ্যেও স্পনসর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের চিত্র উঠে এসেছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের অনুমতি থাকা ১ হাজার ৯৪৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। এর আগের ১২ মাসে এই সংখ্যা ছিল ৯৩৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে লাইসেন্স বাতিলের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
স্পনসর লাইসেন্স স্থগিত ও বাতিল একই ধরনের ব্যবস্থা নয়। সাধারণত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ বা দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠলে তদন্ত চলাকালে লাইসেন্স স্থগিত করা হতে পারে। এ সময় প্রতিষ্ঠানটি নতুন বিদেশি কর্মীর জন্য স্পনসরশিপের সনদ দেওয়ার ক্ষমতা হারাতে পারে।
অন্যদিকে লাইসেন্স বাতিল আরও কঠোর ব্যবস্থা। কোনো কোনো ক্ষেত্রে হোম অফিস তদন্তের মধ্যবর্তী স্থগিতাদেশ ছাড়াই সরাসরি স্পনসর লাইসেন্স বাতিল করতে পারে। সাম্প্রতিক সময়ে এমন সরাসরি বাতিলের ঘটনাও বেড়েছে।
লাইসেন্স স্থগিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সাধারণত হোম অফিসের অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ জন্য প্রায় ২০ কর্মদিবসের মতো সময় দেওয়া হতে পারে।
এই সময়ের মধ্যে অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় নথি ও প্রমাণ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। কর্মীদের চাকরির চুক্তি, বেতন-সংক্রান্ত নথি, কাজের অধিকার যাচাইয়ের প্রমাণ, অনুপস্থিতির রেকর্ড, হোম অফিসে দেওয়া প্রতিবেদন এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা জবাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, শুধু মৌখিক ব্যাখ্যা বা সাধারণ বক্তব্যের পরিবর্তে নথিপত্রের মাধ্যমে অভিযোগের জবাব দেওয়া বেশি কার্যকর।
কোনো অভিযোগ ভুল হলে প্রমাণসহ তা খণ্ডন করা যেতে পারে। আবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকলে সেটি কীভাবে ঘটেছে এবং ভবিষ্যতে একই ধরনের সমস্যা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ।
নতুন নথি যাচাই ব্যবস্থা চালু, কর্মীদের প্রশিক্ষণ কিংবা অভ্যন্তরীণ নীতিমালা পরিবর্তনের মতো সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হলে তার প্রমাণও জবাবের সঙ্গে দেওয়া যেতে পারে।
স্পনসর প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হলে সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের ওপরও এর প্রভাব পড়তে পারে। কারণ স্কিলড ওয়ার্কারসহ বিভিন্ন কর্মী ভিসায় যুক্তরাজ্যে থাকা বিদেশিদের বৈধ অবস্থান অনেকাংশে তাদের স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত।
এ কারণে যুক্তরাজ্যে চাকরির জন্য আবেদনকারীদের শুধু বেতন বা চাকরির সুযোগ বিবেচনা করলেই হবে না; যে প্রতিষ্ঠান স্পনসর করছে, তাদের লাইসেন্স ও কমপ্লায়েন্স রেকর্ডও গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে বোঝা যাচ্ছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার স্পনসর প্রতিষ্ঠানগুলোর ওপর আগের তুলনায় অনেক বেশি নজরদারি করছে। ফলে নিয়ম মেনে চলা, কর্মীদের নথি সঠিকভাবে সংরক্ষণ এবং হোম অফিসের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রতিষ্ঠানগুলোর জন্য এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।