উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিডিওতে হানিয়াকে সংগীতশিল্পী আশির ওয়াজাহাতের সঙ্গে হাসি-ঠাট্টার সময় হাসান রাহিমের ‘আরজু’ গানের সঙ্গে গাইতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী হানিয়ার আচরণকে ‘অশালীন’ ও ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেন।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভিডিওতে আশির ওয়াজাহাতও উপস্থিত থাকা সত্ত্বেও কেন সমালোচনার মূল লক্ষ্য শুধু হানিয়া আমির?
এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন করেন, নারীদের ব্যক্তিগত পছন্দ ও আচরণ নিয়েই কেন বেশি সমালোচনা করা হয়, পুরুষদের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করা হয় না কেন।
আরেকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিষয়টি নিয়ে অতিরিক্ত আলোচনা না করার আহ্বান জানান। তার মতে, প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড তৈরি হলেও কিছুদিন পর সেগুলো আবার হারিয়ে যায়।
জানা গেছে, আশির ওয়াজাহাত নির্মাতা ওয়াজাহাত রউফের ছেলে। হানিয়া আমিরের সঙ্গে ওয়াজাহাত রউফের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আশিরের মা ও প্রযোজক শাজিয়া ওয়াজাহাতের সঙ্গেও হানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
এদিকে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার কারণ নিয়ে কথা বলেছিলেন হানিয়া। তিনি জানিয়েছিলেন, নিজের জীবনের কিছু অংশ অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তাদের সঙ্গে সংযোগ তৈরি করতে এবং আনন্দ ছড়িয়ে দিতে।
হানিয়ার এমন পোস্টের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে। নতুন ভিডিওটি নিয়েও একইভাবে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।